শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ ফুলেশ্বরী রেলগেট বন্ধ করাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে শিলিগুড়ির বাসিন্দারা। এই পরিস্থিতিতে প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য কড়া হুঁশিয়ারি দিয়ে জানালেন, অবিলম্বে রেলগেট না খুললে তিনি নিজে গিয়ে লোহার ঘেরা ভেঙে দেবেন।
সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শিলিগুড়ি জংশন থেকে এনজেপি পর্যন্ত ডবল লাইনের কাজের জন্য ফুলেশ্বরী রেলগেট বন্ধ রাখা হয়েছে। এরফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। বর্তমানে বিকল্প হিসেবে আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের, তবে সেই আন্ডারপাসের অবস্থাও বেহাল।
অভিযোগ, আন্ডারপাসের বিভিন্ন অংশে নোংরা জল জমে থাকছে এবং একাধিক জায়গায় রাস্তা ভাঙাচোরা হয়ে পড়েছে। ফলে প্রতিদিন যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকেরা। স্থানীয়দের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
অশোক ভট্টাচার্য আরও দাবি করেন, শহরের আরও কয়েকটি রেলগেট বন্ধ করার পরিকল্পনা রয়েছে।মানুষের স্বার্থে কোনও রেলগেট বন্ধ করতে দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।





