শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ রাইড বাতিল করাকে কেন্দ্র করে বিবাদের জেরে মদ্যপ অবস্থায় এক যাত্রীর মাথায় চাবি দিয়ে হামলার অভিযোগ উঠল র্যাপিডো চালকের বিরুদ্ধে। ঘটনার একদিন পর অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম উজ্জ্বল বারুই।ভক্তিনগর থানার অন্তর্গত ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জানা গিয়েছে, আহত ঋষভ পাল ইস্টার্ন বাইপাস এলাকার একটি গ্যারেজে কাজ করেন। গত ২৬ তারিখ রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য তিনি একটি র্যাপিডো রাইড বুক করেন। এরপর তার কাছে পৌঁছন চালক উজ্জ্বল বারুই।
অভিযোগ, উজ্জ্বল বারুই মদ্যপ অবস্থায় থাকায় ঋষভ তার বুক করা রাইডটি বাতিল করে দেন। রাইড বাতিল করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা শুরু হয়। সেইসময় উজ্জ্বল চাবি দিয়ে ঋষভের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত হন ঋষভ।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা আহত ঋষভকে হাসপাতালে ভর্তি করেন। পরে তার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ।
গতকাল রাতে অভিযুক্ত র্যাপিডো চালক উজ্জ্বল বারুইকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।





