শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ রহস্যজনক ভাবে এক নাবালিকার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির খালপাড়া ফাঁড়ি এলাকায়।মৃতার নাবালক প্রেমিক সহ আরও দুই নাবালককে হেফাজতে নিয়েছে পুলিশ।মৃতার নাম মিষ্টু দাস।হেফাজতে নেওয়া নাবালক প্রেমিকের নাম সাহিদ আলম ওরফে আয়ুষ।বাকি দুজনের নাম জাহানা খাতুন ও সুমন খাতুন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খালপাড়া ফাঁড়ির অন্তর্গত পালপাড়া আদর্শনগর এলাকায় এই ঘটনা ঘটে।আশঙ্কাজনক অবস্থায় মিষ্টুকে পরিবারের সদস্যরা শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় খালপাড়া ফাঁড়ির পুলিশ। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। এদিকে মিষ্টুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে খালপাড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মৃতার ঘরে তল্লাশি চালিয়ে একটি নোট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই নোটে মিষ্টু তার প্রেমিকের নাম উল্লেখ করে নিজের পরিস্থিতি সম্পর্কে কিছু কথা লিখেছিল।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, মিষ্টুর দুই বন্ধু জাহানা খাতুন ও সুমন খাতুনের মাধ্যমেই সাহিদ আলমের সঙ্গে তার পরিচয় হয়েছিল।
হেফাজতে নেওয়া তিন নাবালক-নাবালিকাকে দার্জিলিং জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।





