শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে প্রথমবার আয়োজিত হল বেঙ্গল জুনিয়র র্যাঙ্কিং টেনিস টুর্নামেন্ট। অনূর্ধ্ব ১০ ও ১২ বিভাগে ছেলে ও মেয়েদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৬০-এরও বেশি খুদে খেলোয়াড়।কলকাতা, বীরভূম, মালদা, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে।
জানা গিয়েছে, শিলিগুড়ি জিমখানা ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য উত্তরবঙ্গের খুদে টেনিস প্রতিভাদের আরও বেশি সুযোগ করে দেওয়া।
টুর্নামেন্টের আয়োজক ও সিইও রোশন ঘিসিং জানান, বাংলার শিশুদের মধ্যে টেনিসের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কলকাতায় গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিবর্তে শিলিগুড়িতেই বেঙ্গল র্যাঙ্কিং টুর্নামেন্টের সুযোগ তৈরি হলে স্থানীয় খেলোয়াড়রা উপকৃত হবে এবং ভবিষ্যতে বেঙ্গল টিমে প্রতিনিধিত্ব করার সুযোগও তৈরি হবে।
তিনি আরও জানান, ২০২০ সালে শিলিগুড়ি জিমখানা ক্লাব প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল শহর ও উত্তরবঙ্গে টেনিসের পরিকাঠামো এবং খেলোয়াড়দের উন্নয়ন করা।শিলিগুড়ি থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় পর্যায়ে অংশ নিয়েছেন। আগামীদিনে এখান থেকেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় উঠে আসবে বলে আশাবাদী।





