রাজগঞ্জ, ১৬ সেপ্টেম্বরঃ আসন্ন দূর্গাপুজো নিয়ে রাজগঞ্জের বিডিও অফিসে বৈঠক অনুষ্ঠিত হল।
রাজগঞ্জের বিডিও অফিসের কন্যাশ্রী ভবনে পুজোর অনুমতি এবং প্রশাসনিক নিয়মকানুন নিয়ে পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করে ব্লক প্রশাসন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও শুভঙ্কর দাস, রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস, বিদ্যুৎ দপ্তর, দমকল বিভাগ ও রাজগঞ্জের ট্রাফিক ওসি।
বৈঠকে পুজোর অনুমতি পাওয়ার প্রক্রিয়া, বিদ্যুৎ ও দমকলের ছাড়পত্র, পুলিশ প্রশাসনের অনুমোদন-সহ একাধিক বিষয়ে পুজো কমিটিগুলিকে বিস্তারিতভাবে জানানো হয়। পাশাপাশি পুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ডিজে ব্যবহার এবং মাদকদ্রব্যের বিষয়ে কড়া সতর্ক করা হয়েছে।
রাজগঞ্জের বিডিও শুভঙ্কর দাস বলেন, দুর্গাপুজোর অনুমতি প্রশাসনের তরফে কীভাবে দেওয়া হয়, সেই বিষয়ে পুজো কমিটিগুলিকে ডেকে প্রাথমিকভাবে একটি ধারণা দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারের সমস্ত নির্দেশিকা পুরোপুরি হাতে এলে ফের বৈঠক করে কমিটিগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।
এদিনের বৈঠকে পুজো প্রাঙ্গণ এবং শোভাযাত্রায় ডিজে ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোভাযাত্রায় ডিজে ব্যবহার করতে দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ সম্পর্কে পুজো কমিটিগুলি অবগত রয়েছেন এবং সেই নির্দেশ পালন করা হবে। পুজো প্রাঙ্গণে কোনও ধরনের মাদকদ্রব্য বা নেশাজাতীয় সামগ্রী ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।





