শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সাংবাদিক বৈঠক করলো উত্তরবঙ্গ সাফাই কর্মচারী ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বুধবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে আয়োজিত এই বৈঠকে সংগঠনের পক্ষ থেকে তাদের দীর্ঘদিনের একাধিক সমস্যার কথা তুলে ধরা হয়।
সংগঠনের অভিযোগ, গতকাল সাফাই কর্মীরা কাজ বন্ধ রেখে আন্দোলনে নামেন এবং পুরনিগম চত্বরে বিক্ষোভ দেখান। এরপরেই আজ পুরনিগমের আধিকারিকদের পক্ষ থেকে আন্দোলন ভাঙার উদ্দেশ্যে সাফাই কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা। তাদের বক্তব্য, হুমকি দিয়ে কর্মীদের কাজে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, যদিও ইতিমধ্যে কয়েকজন কর্মী কাজে যোগ দিয়েছেন।
সংগঠনের তরফে জানানো হয়, বহু বছর ধরে কাজ করে আসলেও এখনও পর্যন্ত অধিকাংশ কর্মীকে স্থায়ী করা হয়নি।পাশাপাশি বেতন বৃদ্ধি, কর্মীদের জন্য স্বাস্থ্যবিমা চালু করা সহ একাধিক দাবিও তুলে ধরা হয়।
তাদের স্পষ্ট বক্তব্য, দ্রুত দাবিগুলি পূরণ না হলে আগামীদিনেও আন্দোলন জারি থাকবে এবং প্রয়োজনে তা আরও বৃহত্তর আকার নেবে।





