শিলিগুড়ি ,২৯ সেপ্টেম্বরঃ স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং-এর যৌথ অভিযানে কাওয়াখালি পোড়াঝাড় এলাকা থেকে উদ্ধার হল প্রায় ৭০০ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় মালদার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সানাউল শেখ এবং মহম্মদ রশিদুল হক।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত্রে কাওয়াখালি পোড়াঝাড় এলাকায় অভিযান চালানো হয়। সেইসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করে তল্লাশি চালান পুলিশকর্মীরা। তল্লাশির সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার।উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে খবর, মালদা থেকে মাদক নিয়ে শিলিগুড়িতে পৌঁছেছিল ধৃত দুই যুবক। শিলিগুড়িতে মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল।পুলিশের সন্দেহ, ধৃতরা মূল মাদক কারবারিদের হয়ে ক্যারিয়ার হিসেবে কাজ করছিল।অভিযানে ধৃতদের কাছ থেকে কিছু নগদ টাকা এবং দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃত দুই যুবককে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





