শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলো উত্তরবঙ্গ সাফাই কর্মচারী কল্যাণ সংগঠন। এদিন সংগঠনের কয়েকশো কর্মী নিজেদের দাবিদাওয়া নিয়ে শিলিগুড়িতে মিছিল করেন।
বাঘাযতীন পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে হিলকার্ট রোড পরিক্রমা করে ফের বাঘাযতীন পার্কে এসে শেষ হয়।সাফাই কর্মীদের অবিলম্বে স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সরব হন আন্দোলনকারীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি।তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাফাই কর্মীদের এই কর্মবিরতির জেরে আগামীদিনে শিলিগুড়ি শহরের পরিষেবা ব্যবস্থায় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।





