গজলডোবা ১৮ নভেম্বরঃ শীত এলেই খেজুরের রসের টান। ওপার বাংলা থেকে গজলডোবায় হাজির গুড়ের কারিগররা। শীতের আমেজ পড়তেই পরিযায়ী পাখিদের মতোই ওপার বাংলা থেকে এপার বাংলায় হাজির খেজুর গুড়ের কারিগরেরা।
পেটের টানে বাংলাদেশ ছেড়ে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের গজলডোবার দুধিয়া গ্রামে এসে খেজুরের গুড় তৈরির কাজে নেমেছেন আব্দুর রহিম। সঙ্গে রয়েছেন বাংলাদেশের আরও দুই সঙ্গী মোহাম্মদ জিন্নাত ও মহম্মদ হোসেন।
জানা গিয়েছে, বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা আব্দুর রহিম দীর্ঘ ১৩ বছর ধরে শীতের মরশুমে গজলডোবায় এসে খেজুরের গুড় তৈরি করছেন। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ভিসা সংক্রান্ত সমস্যার কারণে গত দুবছর এপারে আসতে পারেননি তিনি। অবশেষে এবার ভিসা করিয়ে দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে আবারও ফিরে এসেছেন গজলডোবায়।
আব্দুর রহিম জানান, প্রতি বছরই শীতের মরশুমে তারা এখানে আসেন। তবে গত দুবছর আসা সম্ভব হয়নি। এবার তিনজন মিলে প্রায় ১২০ থেকে ১২৫টি খেজুর গাছ নিয়েছেন। প্রতিদিন সেই গাছগুলি থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কেজি রস সংগ্রহ হয়। তা দিয়ে তৈরি হচ্ছে প্রায় ৫০ থেকে ৬০ কেজি খেজুর গুড়। তাদের তৈরি গুড় জলপাইগুড়ি, শিলিগুড়ি ও ওদলাবাড়ি-সহ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। বাজারে চাহিদাও বেশ ভালো বলে জানান তিনি।
উল্লেখযোগ্য বিষয়, চোরাপথে নয়, বৈধ ভিসা নিয়েই বাংলাদেশ থেকে ভারতে আসেন তারা। বছরের পর বছর সীমান্তের এপার-ওপারের এই যাতায়াতের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের জীবিকা ও রুজিরুটি। শীতের মরশুমে তাদের হাত ধরেই উত্তরবঙ্গের বাজারে পৌঁছে যায় শীতের অন্যতম আকর্ষণ খেজুরের সুস্বাদু গুড়।





