নকশালবাড়ি, ১৮ নভেম্বরঃ জাতীয় সড়কে মাদক হাতবদলের ছক। পুলিশের অভিযানে ব্রাউন সুগার ও নিষিদ্ধ কাফ সিরাফ সহ গ্ৰেফতার ১ মাদক কারবারি। নকশালবাড়ির বেঙ্গাইজোত এলাকায় ঘটনা।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নকশালবাড়ি বেঙ্গাইজোত এলাকায় ইন্দো- নেপাল সীমান্তবর্তী ৩২৭ নম্বর জাতীয় সড়কে মাদক হাতবদলের ছক কষেছিল মাদক কারাবরিরা।
মাদক হাতবদলের উদ্দেশ্যে অপেক্ষা করার সময় গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় নকশালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশ। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথায় অসঙ্গতি ধরা পড়ায় তল্লাশি চালিয়ে অভিযুক্তের হেফাজত থেকে উদ্ধার হয় ২৯ গ্ৰাম ব্রাউন সুগার এবং ১৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ।
এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের নাম স্বপন বর্মন, নকশালবাড়ির বাসিন্দা। অভিযুক্ত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। এর আগেও গাঁজা ও ব্রাউন সুগার বিক্রির অভিযোগে গ্ৰেফতার হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে নকশালবাড়ি থানার পুলিশ।





