রাজগঞ্জ, ২ অক্টোবরঃ রাজগঞ্জে সেবা সেতু অভিযান শিবিরের বাইরে ‘ফর্ম ফিলাপ’-এর নামে টাকা নেওয়ার অভিযোগ, সতর্ক করল পুলিশ।
সাধারণ মানুষের সুবিধার জন্য শুরু হয়েছে ‘সেবা সেতু অভিযান’। সরকারি বিভিন্ন সামাজিক প্রকল্পে আবেদন করার সুযোগ মিলছে এই শিবির থেকেই।রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি রাজগঞ্জের বেলাকোবার কৃষক বাজারেও শুক্রবার থেকে শুরু হয়েছে ‘সেবা সেতু অভিযান’ শিবির। শিবিরের বাইরে কয়েকজনকে আবেদনকারীদের ফর্ম পূরণ করে দিতে দেখা যায়।
অভিযোগ, ফর্ম পূরণ করে দেওয়ার জন্য আবেদনকারীদের কাছ থেকে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। এমনকি বয়স্কদের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুন্ড-সহ পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই ব্যক্তিদের সতর্ক করার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হয়। সরকারি প্রকল্পে আবেদন করার জন্য শিবিরের বাইরে কাউকে ফর্ম পূরণের নামে টাকা না দেওয়ার পরামর্শ দেয় পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার থেকে রাজ্যজুড়ে তিন দিনের বিশেষ জনকল্যাণ শিবির ‘সেবা সেতু অভিযান’ শুরু হয়েছে। অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ ক্রেডিট কার্ড, পিএম কিষাণ নিধি-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন ও পরিষেবা পাওয়ার সুযোগ রয়েছে এই শিবিরে।





