রাজগঞ্জ, ২৭ সেপ্টেম্বরঃ শৌচকর্মের অজুহাতে হোল্ডিং সেন্টার থেকে চম্পট।দেওয়াল টপকে চা-বাগানে পালিয়ে গিয়েছিল।স্নিফার ডগের তল্লাশিতে আটক হল রোহিঙ্গা যুবক।
রাজগঞ্জের ফাটাপুকুর হোল্ডিং সেন্টার থেকে দেওয়াল টপকে পালানোর অভিযোগ উঠেছে এক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে। রবিবার সকালে শৌচকর্মের নাম করে হোল্ডিং সেন্টার থেকে বেরিয়ে নিরাপত্তার নজর এড়িয়ে সে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়েই শুরু হয় জোরদার তল্লাশি।
জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ সালাম, মায়ানমারের বাসিন্দা। গত ২০ সেপ্টেম্বর নিউ জলপাইগুড়ি এলাকা থেকে চারজনের একটি দলকে আটক করা হয়েছিল। পরে তাঁদের ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে রাখা হয়।
রবিবার সকালে শৌচালয়ে যাওয়ার কথা বলে সালাম বাইরে বেরিয়েছিল।অভিযোগ, সেই সুযোগেই হোল্ডিং সেন্টারের দেওয়াল টপকে পালিয়ে যায় সে।
এরপরই সম্ভাব্য পালানোর পথ ধরে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়। স্নিফার ডগের সাহায্যেও চলে অনুসন্ধান। দীর্ঘ তল্লাশির পর হোল্ডিং সেন্টার থেকে প্রায় এক কিলোমিটার দূরে, পানিকৌরি মোড় সংলগ্ন একটি চা-বাগানে তার সন্ধান মেলে। সেখান থেকেই তাকে আটক করা হয়।
ঘটনার পর ফাটাপুকুর হোল্ডিং সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে একজন আটক ব্যক্তি নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে দেওয়াল টপকে পালিয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।




