রাজগঞ্জ, ২৬ নভেম্বরঃ অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করল পুলিশ ও আবগারি দপ্তর। শনিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের জলডুমুর ও নেপালিবস্তি এলাকায় যৌথ অভিযান চালানো হয়।
ভোরের আলো থানার পুলিশ ও এনজেপি আবগারি দপ্তরের আধিকারিকরা যৌথভাবে ওই এলাকায় অভিযান চালান। অভিযানে নেপালীবস্তিতে ফ্রিজে মজুত করে রাখা চোলাই মদ উদ্ধার করা হয়।পাশাপাশি জলডুমুর থেকে প্রচুর পরিমাণে ফারমেন্টেড ওয়াশ উদ্ধার হয়।
উদ্ধার হওয়া চোলাই মদ ও ফারমেন্টেড ওয়াশ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। অবৈধ চোলাই মদের কারবারের বিরুদ্ধে আগামীদিনেও অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।






