রাজগঞ্জ, ২৭ সেপ্টেম্বরঃ রাজগঞ্জের আমবাড়িতে শুরু হল একদিবসীয় দিবা-রাত্রি ‘এমএলএ ফুটবল কাপ ২০২৬’। রবিবার আমবাড়ি চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়। রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই মাঠে ছিল ফুটবলপ্রেমীদের ভিড় ।
প্রদীপ প্রজ্জ্বলন এবং ফুটবলে কিক মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা অধিকারী ও সহ-সভাপতি নিতাই মণ্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও শুভঙ্কর দাস, ভোরের আলো থানার ওসি সুদীপ দত্ত, আমবাড়ি রেঞ্জের রেঞ্জার পুকুর তামাং, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রোহিনী বর্মণ, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রতিমা সিংহ রায়,বিজেপির জেলা কমিটির সদস্য দেবাশীষ দে, অজয় অধিকারী, উদয়গিরি রায়, স্বাগত রায়, আনোয়ার হুসেন, তাপস সরকার-সহ অন্যান্যরা।
নিতাই মন্ডল জানান, এবারের দিবা-রাত্রি প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। এই ফুটবল লড়াই গড়াবে রাত পর্যন্ত।প্রতিযোগিতা রাত প্রায় ৩টে পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে তুলে দেওয়া হবে ট্রফি ও আর্থিক পুরস্কার।
উল্লেখ্য, প্রতিযোগিতার মূল উদ্যোক্তা রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার বর্তমানে কলকাতায় একটি কর্মসূচিতে থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি পরে মাঠে আসার চেষ্টা করছেন বলে জানান তিনি।





