জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বরঃ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রাস্তার ধারে দীর্ঘদিন ধরে জমে রয়েছে আবর্জনার স্তূপ। নোংরা-দুর্গন্ধে চরম সমস্যায় পড়ছেন রোগীর পরিজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
জলপাইগুড়ির মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আশপাশে রয়েছে বেশ কয়েকটি দোকান। অভিযোগ, ওই দোকানগুলি থেকেই নিয়মিত রাস্তার ধারে ময়লা-আবর্জনা ফেলা হয়। দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকায় সামান্য বৃষ্টি হলেই হাসপাতালের গেট থেকে শুরু করে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
এ ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় রোগী ও তাদের পরিজনদের। পাশাপাশি জমে থাকা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ।
রাস্তা ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের কড়া নির্দেশ রয়েছে। সেই নির্দেশের পরও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গার দীর্ঘদিন ধরে কেন আবর্জনা পড়ে রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।





