জলপাইগুড়ি, ২৮ নভেম্বরঃ শব্দদূষণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করলো জলপাইগুড়ি পুলিশ। রোলার দিয়ে নষ্ট করা হল বাজেয়াপ্ত করা প্রচুর মডিফায়েড সাইলেন্সর ও গাড়ির প্রেসার হর্ন।
গত কয়েক মাস ধরে শব্দদূষণ রুখতে এবং মডিফায়েড সাইলেন্সরের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছিল জলপাইগুড়ি পুলিশ। সেই অভিযানে বিভিন্ন মোটর বাইকের মডিফায়েড সাইলেন্সর এবং ট্রাক ও বাসের প্রেসার হর্ন বাজেয়াপ্ত করা হয়।
শনিবার জলপাইগুড়ি শহরের পিডব্লিউডি মোড়ে বাজেয়াপ্ত করা সেই সমস্ত মডিফায়েড সাইলেন্সর ও গাড়ির প্রেসার হর্ন নষ্ট করার উদ্যোগ নেয় পুলিশ। সেখানে রোলার দিয়ে একের পর এক সাইলেন্সর ও প্রেসার হর্ন নষ্ট করে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার সুজাতা কুমারী বীনাপানী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
পুলিশ সুপার জানান, শব্দদূষণ রুখতে আগামীদিনেও পুলিশের এই ধরনের অভিযান নিয়মিত চলবে। গাড়িতে বেআইনিভাবে সাইলেন্সর ও প্রেসার হর্ন ব্যবহার করলে কড়া পদক্ষেপ করা হবে।





