শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ ভুয়ো কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সাইবার প্রতারণার টাকা লেনদেনের অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত।ধৃতের নাম জয়দীপ সিনহা। ধৃত বাবুপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়। তদন্তে একটি ভুয়ো কোম্পানির সন্ধান পায় পুলিশ। অভিযোগ, ওই কোম্পানির নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সাইবার প্রতারণার টাকা লেনদেন করা হত।
এই মামলায় গত ১৯ নভেম্বর প্রথমে কোম্পানির নামে নথিভুক্ত বিষ্ণু দর্নালকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে নকশালবাড়ির বাসিন্দা এমডি মজিদুলের নাম উঠে আসে। অভিযোগ, টাকার প্রলোভন দেখিয়ে মানুষকে ভুয়ো কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য জয়দীপ সিনহার কাছে পাঠাত মজিদুল। এরপর তাকেও গ্রেফতার করা হয়।
এই ঘটনায় জয়দীপ সিনহার গ্রেফতারি, গোটা নেটওয়ার্কের হদিশ পেতে গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করছে পুলিশ।





