শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ ঘুষ নেওয়ার অভিযোগে পূর্ব রেলের মালদা ডিভিশনে কর্মরত এক অফিস সুপারিনটেনডেন্টকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতের নাম উমাশঙ্কর পাণ্ডে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ২৪ নভেম্বর একটি অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। অভিযোগ, আবেদনকারীর বকেয়া MACP সুবিধার প্রক্রিয়া সম্পন্ন করার বিনিময়ে ওই আধিকারিক ৫ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন।
পরে অভিযুক্ত ঘুষের পরিমাণ কমিয়ে ৪ হাজার টাকা করেন, এরপর ২৬ নভেম্বর নিজের অফিসে ওই টাকা নিয়ে আসতে বলেন অভিযোগকারীকে।পরিকল্পনা অনুযায়ী, ২৬ নভেম্বর ফাঁদ পেতে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে সিবিআই।
শুক্রবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। গোটা ঘটনার তদন্তে সিবিআই।





