শিলিগুড়ি: ঘুড়ির প্লাস্টিকের সুতোয় আটকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট উঁচু নারকেল গাছে দীর্ঘ ২৪ ঘণ্টা ঝুলে রইল একটি চিল। অবশেষে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হলো পাখিটিকে। শুক্রবার সকালে এক ব্যক্তির প্রচেষ্টায় চিলটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার ২৯ নম্বর ওয়ার্ডের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই এলাকার একটি উঁচু নারকেল গাছে ঘুড়ি ওড়ানোর প্লাস্টিকের সুতোর সঙ্গে ডানা আটকে ঝুলছিল চিলটি। প্রায় ৭০ থেকে ৮০ ফুট উচ্চতায় আটকে থাকায় পাখিটিকে উদ্ধার করা বেশ কঠিন হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে গাছের ডালে ঝুলে থাকায় পাখিটির জীবন নিয়েও আশঙ্কা তৈরি হয়।
বিষয়টি জানতে পেরে এলাকার প্রাক্তন কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী দমকল বিভাগ এবং বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও গাছটির উচ্চতা বেশি হওয়ায় তাঁদের পক্ষে পাখিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এরপর শুক্রবার সকালে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এক ব্যক্তিকে ডেকে আনা হয়, যিনি শেষ পর্যন্ত সাহসিকতার সঙ্গে নারকেল গাছে উঠে ডাল থেকে আটকে থাকা চিলটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর পাখিটিকে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর চিলটির শারীরিক অবস্থা বিবেচনা করে ছেড়ে দেওয়া হবে।





