শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ শিলিগুড়ির সেবক রোডে ফের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড। শহরের যানজট নিয়ন্ত্রণ এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে লাগাতার এই অভিযান চালানো হচ্ছে ট্রাফিক পুলিশের তরফে।
জানা গিয়েছে, সেবক রোডের একাধিক জায়গায় ফুটপাত দখল করে থাকে বাইক এবং বিভিন্ন দোকানের সামগ্রী। এরফলে সমস্যায় পড়তে হচ্ছিল পথচারীদের। এদিন অভিযানে নেমে পুলিশ প্রশাসনের তরফে ফুটপাতের উপর রাখা বাইক ও দোকানের সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে ফুটপাত দখল করে বাইক পার্কিং করার অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানাও করে ট্রাফিক পুলিশ।
শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ফুটপাত দখলমুক্ত রাখতে আগামীদিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানা গিয়েছে।





