শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ তিনটি ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচারের চেষ্টা। এনজেপি স্টেশনের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে ৮২ বোতল বিদেশি মদ উদ্ধার করল এনজেপি থানার অ্যান্টি ক্রাইম উইং। এই ঘটনায় বিহারের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম প্রিন্স কুমার ও আশীষ কুমার।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ বিহারে পাচারের উদ্দেশ্যে এনজেপি স্টেশন চত্বরে অপেক্ষা করছে দুই যুবক। খবর পেয়ে এনজেপি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের আধিকারিকরা দ্রুত স্টেশনের পার্কিং এলাকায় অভিযান চালান।
অভিযানের সময় তিনটি সন্দেহজনক ট্রলি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই দুই যুবককে। এরপর তাদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৮২ বোতল বিদেশি মদ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মদের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ধৃতরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিহারে পাচারের উদ্দেশ্যেই ওই মদ নিয়ে যাওয়া হচ্ছিল।
এরপরই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।





