শিলিগুড়ি,২৮ নভেম্বরঃ বড়সড় অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা বানচাল করল ভক্তিনগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শিলিগুড়ির পিসি মিত্তল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের নাম সঞ্জীব রায়, গোপাল দাস, সুমিত থাপা এবং অমিত রায়। তারা শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বড়সড় অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বেশ কয়েকজন যুবক ওই এলাকায় জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ছুরি এবং বেশ কিছু লোহার সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ধৃত চারজনকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার খোঁজে তল্লাশি শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।





