জলপাইগুড়ি, ২৫ সেপ্টেম্বর: সাতসকালে বেকারির ভেতর থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায়। মৃতের নাম হাফিজুর রহমান। হুগলির পুরশুড়া থানার এলাকার বাসিন্দা ছিলেন তিনি।স্থানীয় একটি বেকারিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন।
শুক্রবার সকালে বেকারির ভেতর থেকে হাফিজুর রহমানকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিক অনুমান, কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়ে থাকতে পারে। টাকা লুটের উদ্দেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
এই ঘটনায় কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।





