জলপাইগুড়ি, ১৪ নভেম্বরঃ জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে শিশু দিবস পালন করা হল। বিশেষ এই দিনে মিড ডে মিলে শিশুদের জন্য রাখা হয় স্পেশাল মেনু। আনন্দে মাতল জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে পড়ুয়ারা।
শনিবার সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের বিশেষ আকর্ষণ ছিল মিড ডে মিলের স্পেশাল মেনু। পড়ুয়াদের পাতে ছিল গরম গরম লুচি, ছোলার ডাল এবং লাড্ডু। বিশেষ এই খাবার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি খুদেরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী।নিজে উৎসাহের সঙ্গে পড়ুয়াদের খাবার পরিবেশন করেন তিনি। এমনকি নিজেও খাবার খান। খুদেদের সঙ্গে সময় কাটিয়ে বেশ আপ্লুত হয়ে পড়েন বিধায়ক।
এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিপিএসসির চেয়ারম্যান ধীরাজ মোহন ঘোষ-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।





