জলপাইগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ সরকারি নির্দেশ অমান্য করে জাতীয় সড়কে টোটো চলাচল রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করলো জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ।
সোমবার সকাল থেকেই জাতীয় সড়কে টোটো চলাচলের উপর নজরদারি চালাচ্ছে হাইওয়ে ট্রাফিক পুলিশ, অন্যান্য পুলিশ আধিকারিক এবং সিভিক ভলান্টিয়াররা।
জাতীয় সড়কে বেআইনিভাবে টোটো চলাচল বন্ধ করতে বিভিন্ন এলাকায় চলছে নজরদারি। এদিন জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় অভিযান চালিয়ে জাতীয় সড়কে চলাচলকারী বেশ কয়েকটি টোটো আটক করে হাইওয়ে ট্রাফিক পুলিশ।
জাতীয় সড়কে টোটো চলাচলের ফলে দুর্ঘটনার আশঙ্কা এবং যানজটের সমস্যা তৈরি হতে পারে। সেকারণে সরকারি নির্দেশিকা মেনে জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ রাখতে পুলিশের এই তৎপরতা বলে জানা গিয়েছে।




