শিলিগুড়ি: সাতসকালে হাতির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খড়িবাড়ির চন্নাজোত এলাকায়। চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক মহিলা হাতির মৃত্যু হয়েছে বলে খবর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের এডিএফও, টুকরিয়াঝাড় রেঞ্জের বনকর্মীরা এবং খড়িবাড়ি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গল সংলগ্ন এলাকায় খাবারের সন্ধানে প্রায় প্রতিদিনই রাতের অন্ধকারে লোকালয়ে বেরিয়ে আসে হাতির দল। বিশেষ করে ধান ও অন্যান্য ফসলের খোঁজে হাতির দল বিভিন্ন সময় চাষের জমিতে প্রবেশ করে। সেই মতো গতকাল রাতেও একটি হাতি চন্নাজোত এলাকায় খাবারের সন্ধানে আসে। এরপর কোনওভাবে ওই চাষের জমিতে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে হাতিটি। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সকালে বিষয়টি নজরে আসতেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বনদফতর ও খড়িবাড়ি থানায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন বনদফতরের আধিকারিকরা। ঘটনাস্থলে যান কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের এডিএফও, টুকরিয়াঝাড় রেঞ্জের রেঞ্জার, বনকর্মীরা এবং খড়িবাড়ি থানার পুলিশ আধিকারিকরা।





