খড়িবাড়ি, ২৯ সেপ্টেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এবার পিচের রাস্তা।খড়িবাড়ির চুনিলাল জোত এলাকায় পিচের রাস্তা নির্মাণে উদ্যোগী হল প্রশাসন।
দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় ভোগান্তিতে ছিল এলাকাবাসী। অবশেষে নতুন রাস্তা নির্মাণের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তথা জেলা চেয়ারম্যান অজয় ওরাঁও।
অনগ্রসর কল্যান দফতরের আর্থিক সহায়তায় ২১ লক্ষ ৭৩ হাজার ৩৪২ টাকা ব্যয়ে প্রায় ৭০০ মিটার দীর্ঘ এবং ৩ মিটার চওড়া পিচের রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস হল।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে এলাকার বাসিন্দাদের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হত।বর্ষাকালে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠত। স্কুল পড়ুয়াদের যাতায়াতের পাশাপাশি অসুস্থ রোগী ও গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হত স্থানীয়দের।নতুন পিচের রাস্তা নির্মাণের উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা।
অন্যদিকে মহকুমা পরিষদের জেলা পঞ্চায়েত কাউন্সিলের চেয়ারম্যান অজয় ওরাঁও জানান, চুনিলাল জোত কৃষিপ্রধান এলাকা। এলাকার অধিকাংশ মানুষ জমির উপর নির্ভরশীল। দীর্ঘদিন রাস্তা বেহাল থাকায় তাদের নানা সমস্যার মধ্যে পড়তে হত। এবার রাস্তার কাজ শুরু হওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে।





