রাজগঞ্জ, ৩ নভেম্বরঃ নভেম্বরের শুরুতেই ঘন কুয়াশার চাদরে ঢাকল রাজগঞ্জ, সকালে আলো জ্বালিয়ে চললো যানবাহন। নভেম্বরের শুরুতেই শীতের আমেজের সঙ্গে ঘন কুয়াশার দেখা মিলল রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায়।
মঙ্গলবার ভোর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় বিস্তীর্ণ গ্রামাঞ্চল থেকে শুরু করে রাস্তাঘাট। সকাল গড়ালেও কুয়াশার দাপট খুব একটা কমেনি। দৃশ্যমানতা কমে যাওয়ায় দিনের বেলাতেও বিভিন্ন রাস্তায় গাড়ির আলো জ্বালিয়ে যাতায়াত করতে দেখা যায় যানবাহনগুলিকে।
এদিন রাজগঞ্জ ব্লকের গন্ডারমোড়, আমবাড়ি, রাজগঞ্জ, বেলাকোবা-সহ বিস্তীর্ণ এলাকায় সকাল থেকেই ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যায়। চারপাশ কুয়াশায় ঢেকে যাওয়ায় বেশ কিছুটা দূরের দৃশ্যও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। স্থানীয় বাসিন্দাদের দাবি, চলতি মরশুমে এই প্রথম এত ঘন কুয়াশার দেখা মিলল এলাকায়।
ঘন কুয়াশার কারণে সকালে যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে হলেও শীতের আগমনে খুশি সাধারণ মানুষ।





