শিলিগুড়ি, ২ নভেম্বরঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিলিগুড়ি সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল পুলিশ প্রশাসন। সফরের দিন শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকাকে ‘নো ড্রোন জোন’ হিসেবে ঘোষণা করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।জারি হয়েছে নির্দেশিকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ নভেম্বর সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট এলাকাগুলিতে ড্রোন ওড়ানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকবে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাগডোগরা থানা এলাকার বাগডোগরা বিমানবন্দরের বাইরের সীমানা থেকে পাঁচ কিলোমিটার এলাকা, এনজেপি থানা এলাকায় উত্তরকন্যার বাইরের সীমানা থেকে পাঁচ কিলোমিটার এলাকা এবং শিলিগুড়ি থানার অন্তর্গত কোর্ট মোড় সংলগ্ন বাঘাযতীন পার্কের বাইরের সীমানা থেকে পাঁচ কিলোমিটার এলাকা।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ। পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে চিহ্নিত তিনটি এলাকায় কোনওভাবেই ড্রোন ওড়ানো যাবে না।





