শিলিগুড়ি, ১ নভেম্বরঃ রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের উদ্যোগে শিলিগুড়ির কাওয়াখালিতে পশ্চিমবঙ্গ শিল্পী হাটে শুরু হল হস্তশিল্প মেলা। ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
মেলায় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে নিজেদের তৈরি হস্তশিল্পের সামগ্রী নিয়ে হাজির হয়েছেন শিল্পীরা।
এদিন মেলার উদ্বোধন করেন মন্ত্রী দীপক বর্মন। উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।
মন্ত্রী দীপক বর্মন বলেন, এবারের মেলায় মোট ১৪১ জন হস্তশিল্পী অংশগ্রহণ করেছেন।তাদের মধ্যে প্রায় ১০০ জনই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিল্পী। বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্পকে আরও বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়ার পাশাপাশি শিল্পীদের তৈরি সামগ্রীর আধুনিক প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং বিপণনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলার জিআই ট্যাগপ্রাপ্ত পণ্যগুলিকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।





