শিলিগুড়ি, ১ অক্টোবরঃ সমাজে দিন দিন বাড়ছে মা-বাবাকে বৃদ্ধ বয়সে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রবণতা। জীবনের শেষ সময়ে অনেক মা-বাবারই ঠিকানা হয়ে উঠছে বৃদ্ধাশ্রম। সমাজের এই চিত্রকে সামনে রেখে এক বিশেষ সামাজিক বার্তা দিতে চলেছে উত্তর সুকান্ত নগরের নব জাগৃতি সংঘ। এবছর তাদের ৩৪তম বর্ষের কালীপুজোর থিম বৃদ্ধাশ্রম। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নটরাজ রূপে মা শ্যামার আগমন।
মণ্ডপসজ্জার মাধ্যমে বৃদ্ধাশ্রমের ভাবনাকে তুলে ধরার পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চাইছেন উদ্যোক্তারা। মা-বাবাকে জীবনের শেষ বয়সে অবহেলা না করে তাদের পাশে থাকার আহ্বান জানানো হবে এই পুজোর মধ্য দিয়ে। উদ্যোক্তাদের মতে, এই ছোট্ট উদ্যোগের মধ্য দিয়ে সমাজের মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আনাই তাদের মূল উদ্দেশ্য।
এবারের পুজোর আরও একটি বিশেষ আকর্ষণ নটরাজ রূপে মা শ্যামা। উদ্যোক্তাদের দাবি, শিলিগুড়িতে এই প্রথম নটরাজ রূপে মা শ্যামার প্রতিমা তৈরি করা হচ্ছে। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা, সমস্ত কাজেই যুক্ত রয়েছেন শিলিগুড়ির স্থানীয় শিল্পীরা।
আগামী ৮ নভেম্বর পুজোর উদ্বোধন করা হবে।সামাজিক বার্তা এবং অভিনব প্রতিমার মেলবন্ধনে দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই পুজো।





