বাগডোগরা, ১ নভেম্বরঃ কলকাতায় বার ডান্সারের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে লোন দেওয়ার নাম করে সোনার অলংকার নিয়ে চম্পট।বিধাননগর থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। বাগডোগরা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দেবাশীষ নাগ, বাগডোগরা অভিরাম জোতের বাসিন্দা। বাগডোগরা হাসঁখোয়া এলাকায় একটি রেস্তোরাঁ রয়েছে অভিযুক্ত ব্যক্তির। ধৃত এক মহিলা বার ডান্সারের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে।এরপর মাঝেমধ্যেই কলকাতার সিটিসেন্টার সহ বিভিন্ন জায়গায় দেখা করতেন অভিযুক্ত। এরপর ওই মহিলাকে লোন পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে একটি সোনার অলংকার হাতিয়ে নিয়ে চম্পট দেয় ধৃত।
বিধাননগর পুলিশ সূত্রে খবর, গত মাসের ১০ তারিখ বিধাননগর থানায় প্রতারিত মহিলা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এদিন ভোরে বাগডোগরা থানার পুলিশের সহযোগিতায় বাগডোগরার বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।এরপর ট্রানজিট রিমান্ডে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বিধাননগর থানার পুলিশ।





