শিলিগুড়ি, ২ নভেম্বরঃ আসন্ন কালীপুজো ও ছটপুজো উপলক্ষে পুজো কমিটিগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলো শিলিগুড়ি পুরনিগম। সোমবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, পুরনিগমের কমিশনার, বিদ্যুৎ দপ্তর, দমকল, পুলিশ-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং পুজো কমিটির সদস্যরা।
এদিনের বৈঠকে পুজো পরিচালনার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়। পুজোর সময় কোনওরকম ডিজে বাজানো যাবে না বলে স্পষ্টভাবে জানানো হয় পুজো কমিটিগুলিকে। পাশাপাশি, বড় পুজোর ক্ষেত্রে মণ্ডপে প্রবেশ ও বেরোনোর জন্য পৃথক গেট রাখার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে প্রবেশপথের তুলনায় প্রস্থানের গেট বড় রাখার উপর জোর দেওয়া হয়, যাতে দর্শনার্থীদের ভিড় সামলাতে কোনওরকম সমস্যা না হয় এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।
বৈঠকে পুজো কমিটিগুলির তরফে বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরা হয়। মন্ত্রী শঙ্কর ঘোষ মনোযোগ সহকারে সেই অভিযোগগুলি শোনেন। পাশাপাশি, সংশ্লিষ্ট কমিটিগুলিকে নিজেদের সমস্যা ও অভিযোগ লিখিতভাবে পুরনিগমে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি। যে সমস্যাগুলির সমাধান করা সম্ভব, সেগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন মন্ত্রী।
এদিনের বৈঠকে আগামী বছরের পুজো পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন শঙ্কর ঘোষ। তিনি জানান, আগামী বছর থেকে পুজো কমিটিগুলির সঙ্গে আগাম বৈঠক করে আলোচনা করা হবে, যাতে মণ্ডপ তৈরির ক্ষেত্রে ওপেন প্যান্ডেলের ব্যবস্থা করা যায় এবং দর্শনার্থীদের মণ্ডপের ভিতরে প্রবেশ করে অন্য পথ দিয়ে বেরিয়ে আসার পরিবর্তে আরও সুষ্ঠুভাবে দর্শনের ব্যবস্থা করা সম্ভব হয়।





