শিলিগুড়ি, ২ নভেম্বরঃ শিলিগুড়ির উত্তর শান্তিনগরে স্বর্ণ ব্যবসায়ী উত্তম সরকারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট ও গুলি চালানোর ঘটনার ছয়দিন হয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। অভিযুক্তদের সন্ধানে বিহারের কাটিহারে গিয়েও খালি হাতে ফিরতে হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশেষ তদন্তকারী দলকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির মধ্য শান্তিনগর এলাকায় স্বর্ণ ব্যবসায়ী উত্তম সরকারের সোনা ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলে উত্তম সরকারকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই ব্যবসায়ী। এলাকার একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনার ছবি ধরা পড়েছে।
ঘটনার পরই তদন্তে নামে আশিঘর ফাঁড়ির পুলিশ। পাশাপাশি তদন্তভার দেওয়া হয় ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে। অভিযুক্তদের গ্রেফতারে ডিডি, ভক্তিনগর থানা ও আশিঘর ফাঁড়ির আধিকারিকদের নিয়ে বিশেষ দল গঠন করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
তদন্তের সূত্র ধরে বিহারের কাটিহারে পৌঁছয় পুলিশের ওই বিশেষ দল। সেখানে সম্ভাব্য একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েও মেলেনি কোনও সাফল্য। ঘটনার ছয়দিন পরেও অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও পুলিশের দাবি, দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে।





