শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ আয়ুব। শিবমন্দিরের লেনিনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, এক ক্রেতার কাছে ব্রাউন সুগার বিক্রি করতে এসেছিল অভিযুক্ত। আগে থেকেই গোপন সূত্রে এই খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। এরপর হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশকর্মীরা।
পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মাদক পাচার ও বিক্রির কারবারে যুক্ত ছিল ধৃত যুবক। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





