শিলিগুড়ি, ৩ নভেম্বর: গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। ভক্তিনগর থানার অন্তর্গত ৪২ নম্বর ওয়ার্ডের চয়নপাড়ার একটি আবাসনে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ৪ হাজার বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কাফ সিরাপ এবং ৭২ হাজার নেশার ট্যাবলেট। এই ঘটনায় গ্রেফতার তিনজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সমীরণ বিশ্বাস, সঞ্জয় মণ্ডল এবং সঞ্জিত সিং। সমীরণ ও সঞ্জয় শিলিগুড়ির ডাবগ্রাম-১-এর সূর্যনগরের বাসিন্দা। সঞ্জিত বিহারের ছাপরা জেলার বাসিন্দা।
ডিডি সূত্রে খবর, অভিযানের সময় ২৫টি কার্টনে মজুত রাখা হয়েছিল নিষিদ্ধ কাফ সিরাপের বোতলগুলি। সেখান থেকেই মোট ৪ হাজার বোতল কোডিনযুক্ত কাফ সিরাপ এবং ৭২ হাজার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান পুলিশের।
ঘটনায় ধৃত তিনজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।মঙ্গলবার ধৃতদের আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।





