রাজগঞ্জ, ৪ নভেম্বরঃ লটারি বিক্রেতার টাকার ব্যাগ চুরি। নগদ টাকা ও লটারির প্রাইজের টাকা মিলিয়ে খোয়া গেল প্রায় দেড় লক্ষ টাকা। মঙ্গলবার রাতে রাজগঞ্জের আমবাড়ি হাটে লটারি বিক্রেতার টাকার ব্যাগ চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, আমবাড়ি হাটে লটারির টিকিট বিক্রি করেন সুজিত সরকার। প্রতিদিনের মতো এদিনও দোকানে লটারির টিকিট বিক্রি করছিলেন তিনি। হাট শেষে দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় সারাদিনের বিক্রির টাকা এবং লটারির প্রাইজের টাকা একটি ব্যাগে রেখে সাইকেলের উপর রাখেন তিনি।
লটারি বিক্রেতা সুজিত সরকার বলেন, আচমকাই এক ব্যক্তি তার কাছে এসে মোবাইলে একটি ছবি দেখিয়ে ওই ব্যক্তিকে চেনেন কি না জানতে চান। ছবি দেখার জন্য কিছুক্ষণের জন্য অন্যদিকে তাকাতেই সাইকেলে রাখা ব্যাগটি নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই উধাও হয়ে যায় সে।
সুজিত সরকারের ভাই সুকুমার সরকার জানান, ব্যাগে নগদ টাকা ও লটারির প্রাইজের টাকা মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকা ছিল। ঘটনার পর আশপাশের দোকানদারদের কাছে খোঁজখবর করা হয়। খবর দেওয়া হয় ভোরের আলো থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।





