শিলিগুড়ি, ২ অক্টোম্বরঃ নেশার জন্য টাকা চাওয়া নিয়ে বিবাদ, যার জেরে মাকে খুনের অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাটিগাড়া থানার অন্তর্গত ঝাউগিড়ি এলাকায়। অভিযুক্ত ছেলের করণ ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।মৃতার নাম সীতা ভুঁইয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফেরে করণ। এরপর মায়ের কাছে নেশার জন্য টাকা চায় সে।এরপরই মা ও ছেলের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসার মধ্যেই করণ তার ছোট ভাইয়ের হাত-পা বেঁধে দেয়। এরপর মায়ের গলা টিপে ধরে বলে অভিযোগ।এরফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।
পরবর্তীতে কোনওভাবে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় ছোট ভাই। প্রতিবেশীদের বিষয়টি জানানোর পর মাটিগাড়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।অভিযুক্ত ছেলে করণ ভুঁইয়াকে গ্রেফতার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, করণ দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই মায়ের সঙ্গে তার বিবাদ হত।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





