রাজগঞ্জ, ২৭ অক্টোবরঃ কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য ও তার স্ত্রীকে চাকরি আশ্বাস দিল প্রশাসন।
জানা গিয়েছে, কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সিভিক ভলান্টিয়ার আজিজুল হকের।মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়।পাশাপাশি আজিজুলের স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে।
এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক অদিতি চৌধুরি, পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপানি, জলপাইগুড়ি মহকুমা শাসক মঈন আহমেদ, রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, রাজগঞ্জের বিডিও শুভঙ্কর দাস, রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস, বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুন্ডু, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা অধিকারি, সহ-সভাপতি নিতাই মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বিধায়ক বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কর্তব্য পালন করতে গিয়েই সিভিক ভলান্টিয়ার আজিজুল হকের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে।সেই অর্থের চেক পরিবারের হাতে তুলে দেওয়া হল। পাশাপাশি তার স্ত্রীর চাকরির বিষয়েও আলোচনা হয়েছে।
উল্লেখ্য, দুর্গাপ্রতিমা বিসর্জনের ডিউটি করার সময় বাইকের ধাক্কায় গুরুতর আহত হন বেলাকোবা পুলিশ ফাঁড়ির সিভিক ভলান্টিয়ার আজিজুল হক। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তার অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বেলাকোবা এলাকায়।
স্ত্রী, দুই বছরের মেয়ে এবং বৃদ্ধ বাবা-মাকে রেখে চলে যান আজিজুল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং স্ত্রীর কর্মসংস্থানের আশ্বাস পরিবারকে কিছুটা ভরসা জোগাবে বলে মনে করা হচ্ছে।





