নকশালবাড়ি, ৯ অক্টোবরঃ পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। নকশালবাড়ির কলাবাড়ি মোড়ের ঘটনা।
জানা গিয়েছে, এদিন নকশালবাড়ি-পানিঘাটা রাজ্য সড়কে দুধ দিয়ে বাড়ি ফিরছিলেন ফিলিপ্প কেরেকেট্টা।সেইসময় নকশালবাড়ি দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সাইকেল আরোহীকে ধাক্কা মারে।এরপর স্থানীয়রা জখম অবস্থায় তাকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, মহিষ বোঝাই করে পিকআপ ভ্যান যাওয়ার পথেই এই দূর্ঘটনা ঘটায়। যদিও মহিষ ছিল কিনা তার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
অন্যদিকে ঘটনার পর টোলপ্লাজা এলাকা থেকে অভিযুক্ত পিকআপ ভ্যানের চালক ফাকনা জোতের বাসিন্দা রাজেন বর্মনকে গ্রেফতার করা হয়।বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক পিকআপটিকেও।
এদিকে ঘটনার জেরে দীর্ঘ সময় কলাবাড়ি মোড় পথ অবরোধ করেন স্থানীয়রা। পরে নকশালবাড়ি থানার পুলিশ, ট্রাফিক গার্ড ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।





