কার্শিয়াং, ১৩ আগস্টঃ নেতাজী সুভাষচন্দ্র বসু শুধু একটি নাম নন, তিনি ভারতবাসীর আবেগ, গর্ব এবং স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়।নেতাজীকে নিয়ে এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যা সাধারণ মানুষের আবেগে আঘাত করে- কার্শিয়াং এর গিদ্দা পাহাড়ে অবস্থিত নেতাজি মিউজিয়ামে গিয়ে এমনই বার্তা দিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস।
এদিন কার্শিয়াং এর গিদ্দা পাহাড়ে অবস্থিত নেতাজী সুভাষচন্দ্র বসুর স্মৃতি মিউজিয়ামকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানান বিধানসভার স্পিকার।
স্পিকার জানিয়েছেন, এই মিউজিয়ামকে শুধু স্থানীয় পর্যায়ে নয়, বিশ্বের মানচিত্রে তুলে ধরার প্রয়োজন রয়েছে। পর্যটকদের কাছে যাতে এই ঐতিহাসিক স্থান আরও পরিচিত হয়ে ওঠে এবং দেশ-বিদেশের মানুষ নেতাজীর ইতিহাস ও তার সংগ্রাম সম্পর্কে জানতে পারেন, সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব রাখবেন বলে জানিয়েছেন তিনি।
এদিন স্পিকার রথীন্দ্র বোস বলেন, আমরা নেতাজীকে নিয়ে গর্বিত।দেশের স্বাধীনতার ক্ষেত্রে নেতাজীর বড় ভূমিকা রয়েছে। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই।নেতাজীকে মুছে ফেলা যাবে না। নেতাজীকে নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়।যদি কেউ অন্যায় করে থাকে, সরকার ব্যবস্থা নেবে।
অন্যদিকে স্পিকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেতাজী মিউজিয়ামের ইনচার্জ গণেশ প্রধান। তিনি বলেন, প্রতিদিনই বহু পর্যটক এই মিউজিয়াম দেখতে আসেন। কিন্তু অনেক পর্যটক এখনও এই মিউজিয়ামের অবস্থান বা এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানেন না। তাই আরও বেশি মানুষের কাছে মিউজিয়ামটির পরিচিতি পৌঁছে দেওয়ার জন্য প্রচার ও পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে।সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে।বিশেষ পরিস্থিতিতে পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে নির্ধারিত সময়ের পরেও মিউজিয়াম খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।
