ফুলবাড়ি ১৫ সেপ্টেম্বরঃ একে অপরকে ধরে রয়েছে। সেই অবস্থাতেই নদী থেকে উদ্ধার হল দুই বন্ধুর দেহ।
মঙ্গলবার ফুলবাড়ির মহানন্দা নদীতে তলিয়ে যাওয়া দুই ছাত্রের দেহ উদ্ধার হয়। এনডিআরএফ-এর দল দেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ফাঁসিদেওয়া থানার পুলিশ।
রবিবার বিকেলে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে স্নান করতে নেমেছিল তিন ছাত্র। তাঁদের মধ্যে এক ছাত্রকে উদ্ধার করা সম্ভব হলেও জলে তলিয়ে যায় দুই ছাত্র। একজনের বাড়ি মালদহে এবং একজন বাংলাদেশের বাসিন্দা। জটিয়াকালি সংলগ্ন নারায়ণা স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করত তারা।
ঘটনার পর থেকেই নিখোঁজ দুই ছাত্রের খোঁজে এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স তল্লাশি চালাচ্ছিল। সোমবার রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও তাঁদের খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে দুটি দেহ একসঙ্গে পাওয়া যায়।
এনডিআরএফ কর্মকর্তা জানান, দুটি দেহ পাশাপাশি অবস্থায় পাওয়া যায়। ডুবে যাওয়ার সময় একজন সম্ভবত অন্যজনের হাত ধরে রেখেছিল।





