জলপাইগুড়ি, ২৯ আগস্ট: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক জয় করলো জলপাইগুড়ির কন্যা মধুরা কর।
জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ঘুমটি এলাকার দ্বাদশ শ্রেণির ছাত্রী মধুরার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, প্রশিক্ষক এবং প্রতিবেশীদের মধ্যে। চলতি বছরেই চীনে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অংশ নিয়ে সামগ্রিকভাবে রৌপ্য পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিল মধুরা। এরপর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জয় করলো সে।
উল্লেখ্য, মধুরা এর আগেও জাতীয় স্তরে একাধিক সাফল্য অর্জন করেছে মধুরা। ২০২৪ সালে রাজস্থানে অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন, ২০২৫ সালে মহারাষ্ট্রে অনুষ্ঠিত প্রতিযোগিতাতেও শিরোপা জিতে নিজের ধারাবাহিকতা বজায় রাখে সে। এছাড়াও চলতি বছর ফরিদাবাদে অনুষ্ঠিত বেঞ্চ প্রেস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও চ্যাম্পিয়ন হয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে।
অল্প বয়সেই একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জন করে মধুরা ইতিমধ্যেই ক্রীড়ামহলের নজর কেড়েছে। তার এই ধারাবাহিক সাফল্য আগামীদিনে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে তাকে আরও বড় উচ্চতায় পৌঁছে দেবে বলে আশাবাদী পরিবার, প্রশিক্ষক এবং ক্রীড়াপ্রেমীরা।
