খড়িবাড়ি, ১৪ অক্টোবর: খড়িবাড়ির রানিগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ব্যারাকের উদ্বোধন করলেন আইজি উত্তরবঙ্গ সুকেশ কুমার জৈন।
এদিন প্রথমে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করার পর ফিতে কেটে ব্যারাকের উদ্বোধন করেন আইজি। পরে দূরবীন নিয়ে ওয়াচ টাওয়ার থেকে সীমান্ত পরিদর্শন করেন তিনি। তার সঙ্গে ছিলেন ডিআইজি দার্জিলিং রেঞ্জ জয়িতা বোস ও জেলা পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ রাও।
এরপর এসএসবি আইজি বন্দন সাক্সেনার সঙ্গে বৈঠক করেন আইজি উত্তরবঙ্গ সুকেশ কুমার জৈন। বৈঠক শেষে ইমিগ্রেশন চেকপোস্ট এবং সীমান্ত পরিদর্শন করে আইজি জানান, শিলিগুড়ি করিডোর স্পর্শকাতর হিসেবে আমরা জানি। পাশাপাশি সীমান্ত নিয়ে বিএসএফ, এসএসবি, পুলিশকে নিয়ে সবধরনের বৈঠক হয়েছে। বাংলাদেশ, ভুটান ও নেপাল সীমান্তে নজরদারি রয়েছে। দূর্গাপূজা উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।আমরা এলার্ট রয়েছি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে চারচাকা ও বাইক দেওয়া হয়েছে। এর মাধ্যমে এলাকায় এলাকায় আরও নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে বলে জানান তিনি।





