শিলিগুড়ি,১৪ অক্টোবরঃ শিলিগুড়ির হায়দারপাড়া এলাকায় নির্মীয়মাণ বহুতলে কাজ করতে গিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সরব হল CITU দার্জিলিং জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন। মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা-সহ একাধিক দাবিতে বুধবার নির্মীয়মাণ বহুতলের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর হায়দরপাড়া এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলে কাজ করার সময় পড়ে মৃত্যু হয় শ্রমিকের।অভিযোগ, ঘটনার সময় বহুতলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না। নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।
CITU দার্জিলিং জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের অভিযোগ, শ্রমিকের মৃত্যুর পরেও এখনও পর্যন্ত মৃতের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ায়নি বহুতল নির্মাণের দায়িত্বে থাকা মালিকপক্ষ। ফলে মৃত শ্রমিকের পরিবার আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতেই এদিন আন্দোলনে সামিল হন তারা।
শুধু ক্ষতিপূরণই নয়, নির্মাণকাজে যুক্ত শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা চালু করা-সহ একাধিক দাবিও তোলা হয় সংগঠনের পক্ষ থেকে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা এবং তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।





