শিলিগুড়ি, ১৪ অক্টোবর: মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি-পাথর তোলার অভিযোগে বড়সড় পদক্ষেপ করলো প্রধাননগর থানার পুলিশ। অভিযান চালিয়ে পাঁচটি ট্রাক বাজেয়াপ্ত করার পাশাপাশি তিন চালককে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি-পাথর তোলা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে প্রধাননগর থানার পুলিশ সমর নগর, মিলিটারি ঘাট এবং দক্ষিণ পালাশ এলাকায় অভিযান চালায়। সেই সময় অবৈধভাবে বালি বোঝাই পাঁচটি ট্রাক আটক করেন পুলিশকর্মীরা।গ্রেফতার করা হয় তিনজনকে।
ধৃতদের নাম সঞ্জীব ওরাঁও, শঙ্কর মাল পাহাড়িয়া এবং প্রীতম দাস। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পরে ধৃত তিনজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





