শিলিগুড়ি, ১৪ অক্টোবরঃ দূর্গাপুজোর কেনাকাটা করতে বাড়ি থেকে বেরিয়ে বিপাকে পড়লো একটি পরিবার। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দরজার তালা ভেঙে সোনা-রুপোর গয়না ও লক্ষাধিক টাকা নগদ চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আদর্শনগর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা গৌতম সরকারের স্ত্রী সুষ্মিতা দাস সরকার মঙ্গলবার বিকেল প্রায় ৪টে নাগাদ ছেলেকে সঙ্গে নিয়ে দুর্গাপুজোর কেনাকাটা করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত প্রায় ৯টা নাগাদ বাজার থেকে কেনাকাটা সেরে বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু বাড়িতে ঢুকতেই চোখে পড়ে দরজার তালা ভাঙা, ঘরের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। এরপর আলমারি ও সিন্দুক খুলে দেখতেই মাথায় হাত পড়ে তার।তিনি দেখেন সোনা-রুপোর গয়না এবং নগদ টাকা উধাও।
গৌতম সরকার জানান, সেঠ শ্রীলাল মার্কেটে তার একটি ছোট দোকান রয়েছে। দুর্গাপুজোর মরশুমে দোকানের জন্য মালপত্র কেনার উদ্দেশ্যে বাড়িতে নগদ টাকা রাখা হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার জন্য বাড়ি ফাঁকা থাকতেই সেই সুযোগ কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা।অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় খালপাড়া ফাঁড়ির পুলিশ। চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি চুরি যাওয়া গয়না ও নগদ টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, দুর্গাপুজোকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। পুজোর সময় দীর্ঘক্ষণ বাড়ি ফাঁকা না রাখার আবেদন জানানোর পাশাপাশি, বাড়ির বাইরে যাওয়া কিংবা ছুটি কাটাতে যাওয়ার তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করারও পরামর্শ দিয়েছেন তিনি।





