নকশালবাড়ি, ২৩ নভেম্বরঃ পুলিশের ছদ্মবেশে দিনের আলোতে সোনার দোকানে চুরির ঘটনায় একবছর পর অভিযুক্তকে গ্ৰেফতার করলো নকশালবাড়ি থানার পুলিশ।
গত বছর ৯ নভেম্বর নকশালবাড়ি ঘাটানিমোড়ে থাকা একটি দোকানে সোনার অলঙ্কার কেনার জন্য যান ওই দুষ্কৃতী। নিজেকে পুলিশের এএসআই পরিচয় দিয়ে ব্যবসায়ীর ব্যস্ততার ফাঁকে হাত সাফাই করে চম্পট দেয়।
বিষয়টি পরে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারেন স্বর্ণ ব্যবসায়ী।পরে নকশালবাড়ি থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়।তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত অন্য একটি চুরির ঘটনায় রায়গঞ্জে জেল হেফাজতে রয়েছে।পরে আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিলিগুড়ি জেল হেফাজতে আনা হয় দুষ্কৃতিকে। শিলিগুড়ি জেল হেফাজতে থেকে শোন অ্যারেস্ট করে নকশালবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ।
ধৃতের নাম মহম্মদ শের, মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি সোনার দোকান থেকে চুরির যাওয়া ৮ গ্ৰাম সোনা উদ্ধার করে পুলিশ।
ঘটনায় চোরাই সোনা কেনার অভিযোগে দোকান মালিক কবির আহমেদকেও গ্ৰেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।





