ফুলবাড়ি, ২৩ নভেম্বরঃ চুরি যাওয়া টোটোর তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। টোটো চুরির অভিযোগ পাওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া টোটো উদ্ধার করলো পুলিশ। তদন্তে নেমে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা এলাকায় একটি গোডাউনের হদিস পান পুলিশকর্মীরা।
অভিযোগ, ওই গোডাউনেই চুরি করা টোটো মজুত করার পাশাপাশি সেগুলি মডিফাই করার কাজ চলতো। টোটোর বিভিন্ন যন্ত্রাংশ খুলে, রং বদলে নতুন চেহারা দেওয়া হতো, যাতে সহজে কেউ চিনতে না পারে। সেখান থেকে মোট ৬টি টোটো এবং বেশ কিছু টোটোর সরঞ্জাম উদ্ধার হয়েছে। গোডাউনের মালিক পলাতক। পুলিশ গোডাউনটি তালাবন্ধ করে দিয়েছে।
জানা গিয়েছে, গতকাল ফুলবাড়ির নতুনহাট এলাকায় বাজার করতে এসে নিজের টোটো রেখে যান চম্পকগঞ্জের বাসিন্দা আয়ুব আলী। বাজার থেকে ফিরে এসে টোটোটি দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান না পেয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। চুরি যাওয়া টোটোয় লাগানো জিপিএসের সূত্র ধরে তদন্ত শুরু করেন পুলিশকর্মীরা। সেই সূত্র ধরেই পূর্ব ধনতলা এলাকার ওই গোডাউনের সন্ধান পান তারা। সেখানে গিয়ে তল্লাশি চালাতেই একাধিক টোটো ও বিভিন্ন সরঞ্জাম দেখতে পান পুলিশকর্মীরা। এরপর সেগুলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
প্রায় ১২ ঘণ্টার মধ্যে নিজের টোটো ফিরে পেয়ে খুশি আয়ুব আলী। পুলিশের তৎপরতার প্রশংসা করে তিনি জানান, এত দ্রুত টোটো ফিরে পাবেন, তা ভাবতে পারেননি।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা দীপালী সূত্রধর জানান, প্রায় তিন বছর ধরে ওই গোডাউন চালু থাকলেও সেখানে কী ধরনের কাজ চলত, তা তারা জানতেন না।
বিজেপি নেতা উত্তম সরকারও পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। তার দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে টোটো ও বাইক চুরির ঘটনা ঘটছিল। চুরি করা টোটো খুলে রং করে এখানে নতুন চেহারা দিয়ে বিক্রি করা হতো বলে অভিযোগ করেন তিনি।
গোডাউনটি তালাবন্ধ করে দিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং চুরি যাওয়া অন্যান্য টোটোর সন্ধান কোথায় মিলবে, তা খতিয়ে দেখছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।





