ফুলবাড়ি, ১৪ নভেম্বরঃ পুজোর ছুটিতে স্কুলে চোরের তান্ডব।লকার ভাঙচুর, ছিঁড়ে দেওয়া হল বিদ্যুতের তার।পুজোর ছুটির পর স্কুল খুলতেই সামনে এল ভয়াবহ ছবি। ঘটনাটি ফুলবাড়ি পূর্ব ধনতলা হাইস্কুলের।
স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, দুষ্কৃতীরা স্কুলের বিভিন্ন সামগ্রী চুরি করার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালিয়েছে। ঘটনায় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান স্কুল কর্তৃপক্ষের।
স্কুলের টিআইসি অর্ণব গাঙ্গুলী জানান, দুর্গাপুজোর ছুটির পর স্কুলে ঢুকেই তারা এই ভাঙচুরের বিষয়টি দেখতে পান। এর আগেও চলতি বছরের ২৩ মার্চ একই ধরনের ঘটনা ঘটেছিল। ফের স্কুলে চুরির ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষিকারা।
অভিযোগ, স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষের বিদ্যুতের তার ও লাইটের সংযোগ ছিঁড়ে দেওয়া হয়েছে।
শিক্ষক-শিক্ষিকাদের লকার ভাঙচুরের পাশাপাশি ক্লার্কের ঘরেও ভাঙচুর চালানো হয়েছে। অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্রও এলোমেলো করে দেওয়া হয়েছে। বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকী জলের মোটরের ওয়ারিংও ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
টিআইসি আরও জানান, স্কুলে ১৬ থেকে ১৮টি শ্রেণিকক্ষ রয়েছে। দু-এক দিনের মধ্যেই টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা। এরপর রয়েছে ২০২৬ সালের ফাইনাল পরীক্ষা। এই পরিস্থিতিতে কীভাবে স্কুলের স্বাভাবিক কাজকর্ম ও পরীক্ষার প্রস্তুতি চালানো হবে, তা নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। কম্পিউটার, প্রিন্টার, পানীয় জল এবং মিড-ডে মিলের কাজকর্মও বিদ্যুৎ সংযোগের উপর নির্ভরশীল। ফলে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।
স্কুলের নিজস্ব তহবিল সীমিত হওয়ায় নতুন করে মেরামতির খরচ জোগাড় করাও কঠিন বলে জানিয়েছেন টিআইসি। ইতিমধ্যেই সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে যায়। ঘটনায় এনজেপি থানায় এফআইআর দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। দুষ্কৃতীদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।





